২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ আগস্ট ২০২১ www.24ghonta.news৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ১৫ মুহাররম ১৪৪৩ হিজরি

চার দিনে আয় ১২ কোটি ৬৫ লাখ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১ । ১:১০ দুপুর

সাপ্তাহিক ছুটির দিনে গতকাল রোববার বক্স অফিসে সংগ্রহ বাড়িয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘বেল বটম’।

সবশেষ অক্ষয় কুমারের ‘গুড নিউজ’ সিনেমা মুক্তি পেয়েছিল ১৮ মাস আগে, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। দীর্ঘদিন পরে অ্যাকশন থ্রিলার ‘বেল বটম’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন এ সুপারস্টার। আর করোনা মহামারি সত্ত্বেও ১৯ আগস্ট মুক্তির দিন এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করে ২.৭৫ কোটি রুপি।

বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মুক্তির দ্বিতীয় দিন শুক্রবার বক্স অফিসে সংগ্রহ বাড়বে বলে প্রত্যাশা করা হলেও তা হয়নি। দ্বিতীয় দিন বক্স অফিসে এ সিনেমা সংগ্রহ করে ২.৬০ কোটি রুপি। তৃতীয় দিনে শনিবার সংগ্রহ করে তিন কেটি রুপি। আর চতুর্থ দিনে রোববার এ সিনেমার সংগ্রহ ৪.২০ থেকে ৪.৪০ কোটি রুপি। গতকালের সংগ্রহ ৪.৩০ কোটি রুপি ধরা হলে সব মিলিয়ে চার দিনে এ সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ১২.৬৫ কোটি রুপি।

‘বেল বটম’ ভারতে মুক্তি পেয়েছে এক হাজার ৬২০ পর্দায়, ছয় হাজারের বেশি শোয়ে। কোভিড মহামারির কারণে প্রেক্ষাগৃহে আসনসংখ্যা ৫০ শতাংশ ব্যবহার করা হচ্ছে।

ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের পরে প্রথম হিন্দি সিনেমা হিসেবে ১৯ আগস্ট মুক্তি পায় ‘বেল বটম’। ইন্ডাস্ট্রির আশা, এ সিনেমা সম্মানজনক অর্থ সংগ্রহ করবে আর এর মধ্য দিয়ে ফের সিনেমা হলের চাকা সচল হবে। এ সিনেমা ৪৫ কোটি রুপি সংগ্রহ করলে সম্মানজনক হবে বলে বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে।

‘বেল বটম’ পরিচালনা করেছেন রণজিৎ তিওয়ারি। প্রযোজনা করেছে ভাগনানির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর, হুমা কুরেশি ও লারা দত্ত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন