২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ আগস্ট ২০২১ www.24ghonta.news১৩ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২০ মুহাররম ১৪৪৩ হিজরি

হাসপাতাল পরিবর্তন করলেন রাজ-বাসার-জুনায়েদরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১ । ৪:৩৭ বিকাল

গুলশান অ্যাভিনিউতে গত বৃহস্পতিবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক শরিফুল রাজ, খায়রুল বাসার, জুনায়েদ বোগদাদী ও নাফিজ মোহাম্মদ ইসমাইল ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন। তবে, অভিনেত্রী নাজিফা তুষি ইউনাইটেড হাসপাতালের সাধারণ কেবিনে এখনো চিকিৎসা নিচ্ছেন।

শরিফুল রাজের বন্ধু ও লাইন প্রডিউসার নাফিজ মোহাম্মদ ইসমাইল দুর্ঘটনার পর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গতকাল তিনি হাসপাতাল পরিবর্তন করেছেন। আইসিইউতে থাকা তরুণ অভিনেতা জুনায়েদ বোগদাদীর আজ সকালে সার্জারির কথা থাকলেও সকাল ১১টার দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।

তবে ঠিক কী কারণে তাঁরা হাসপাতাল পরিবর্তন করেছেন, আর নতুন করে কোন হাসপাতালে ভর্তি হয়েছেন, সে তথ্য জানাতে পারেননি হাসপাতালটির এই কর্মকর্তা।

এদিকে, আজ সকালে ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন দুর্ঘটনায় এক বা একাধিক হাড় ভাঙা চিত্রনায়ক শরিফুল রাজ ও খায়রুল বাসার।একটি সূত্র জানিয়েছে, তাঁরা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন।

সদ্য মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মের একাধিক আহত অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার খবর জানতে তাঁদের মুঠোফোন ও ওয়েব ফিল্মটির পরিচালক মিজানুর রহমান আরিয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি তাঁদের বর্তমান শারীরিক অবস্থার আপডেট জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গুলশান অ্যাভিনিউতে ঢাকা মেট্রো গ ১৩-৩০০০ নম্বরের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। গাড়িটিতে মোট পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে চারজন সদ্য মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় এসেছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন