২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৪ মুহাররম ১৪৪৩ হিজরি

সংসদ অধিবেশন বসছে বিকেলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ । ২:২৬ দুপুর

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ বুধবার বিকেল ৫টায় শুরু হচ্ছে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। সে হিসেবে করোনা মহামারি পরিস্থিতিতে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, আজ অধিবেশন শুরু হয়ে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার পর্যন্ত চার কার্যদিবস চলে শেষ হয়ে যাবে। এর মধ্যে প্রথম দিন বিকেল ৫টায়, দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১১টায়, তৃতীয় দিন শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এবং শেষ দিন শনিবার সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে।

জাতীয় সংসদের সর্বশেষ ত্রয়োদশ (বাজেট) অধিবেশন গত ২ জুন শুরু হয়ে গত ৩ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হয়।

মোট ১২ কার্যদিবসের ওই অধিবেশনে সম্পূরক বাজেটসহ মূল বাজেটের ওপর মোট ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর ওপর আলোচনায় অংশ নেন ৮৫ জন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য। বাজেট পাসসহ সেই অধিবেশনে সাতটি সরকারি বিল পাস হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন