২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৪ মুহাররম ১৪৪৩ হিজরি

ঢাবি অধ্যাপক সৈয়দ সালেহীন কাদরী আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ । ২:৪৪ দুপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৪টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, অধ্যাপক সালেহীন কাদরী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

এক শোকবাণীতে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক ড. সৈয়দ সালেহীন কাদরী ছিলেন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এনজাইমোলজি বিষয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্ট গবেষক। তিনি সদালাপী, সজ্জন ও বিনয়ী চরিত্রের মানুষ ছিলেন। নিবেদিতপ্রাণ এই শিক্ষক ও গবেষক প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানবিষয়ক শিক্ষার বিস্তার ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক সালেহীন কাদরীর স্ত্রী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর’বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। তিনি ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

আজ বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অধ্যাপক সালেহীন কাদরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন