২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২৫ মুহাররম ১৪৪৩ হিজরি

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ । ৫:২৮ সন্ধ্যা

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একইসঙ্গে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ সার্কুলার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বামী খান মো. শাওন (৩৫) ও তাঁর স্ত্রী জান্নাত বেগম (২৬)। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশ দুটি উদ্ধার করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের ছেলে। তাদের চার বছর বয়স্ক একটি মেয়ে রয়েছে।

ওসি আরও জানান, শাওন তাঁর পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার সময় তাদের হাতে তিন থেকে চার হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। যেটি ওই বাড়ির বারান্দা ঘেঁষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে যায়। ধারণা করছেন তাতেই স্পৃষ্ঠ হয়ে মারা যান স্বামী-স্ত্রী।

ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম ও বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন বলেন, ‘বিদ্যুতের তারে লেগে থাকা রডের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁরা মারা যান। ঘটনার সময় ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তারটি রড থেকে সরিয়ে দিলে তাঁরা ছিটকে পড়ে যান।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন