বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে পাঁচশ তাল গাছের চারা এবং পাঁচশ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের “মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফেসবুক গ্রুপ ‘শেকড়ের টানে’র মাধ্যমে মুরাদপুর ইউনিয়নের প্রজন্মের সাথে প্রজন্মের কানেক্টিভিটি তৈরী হয় চলতি বছরের মার্চে।
শুরুর দিকে “শেকড়ের টানে গ্রুপ” এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনকে সামনে রেখে গঠিত হয় সমাজ উন্নয়নমূলক সংগঠন মুরাদপুর উন্নয়ন সোসাইটি-মউস-এর। এস.এস.সি ৯৫ ব্যাচের সহযোগিতায় রবিবার সকালে মুরাদপুর-দোয়াজীপাড়া সংলগ্ন সড়ক ও ফকিরহাট থেকে বেড়িবাঁধ পর্যন্ত গ্রামের সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী। এছাড়া পুরো ইউনিয়নব্যাপী মোট ১ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এ কার্যক্রম সমগ্র উপজেলাব্যাপী করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা সংগঠনের পলিসি মেকার আবু জাফর ভূঞা বলেন, তাল গাছ অনেক উঁচু হওয়ায় বজ্রাঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি নিরসনে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়া মাটির ক্ষয় রোধ, প্রকৃতির ভারসাম্য রক্ষায় তালগাছের জুড়ি নেই। এর পাশাপাশি ঘরের খুঁটি ও হাতপাখা তৈরিতে তালগাছের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তাল পাতার পাখা আমাদের ঐতিহ্যের একটি অংশ। তাল গাছের ডালের আঁশ থেকে রকমারি দ্রব্যাদি প্রস্তুত হয়।
তবে ইদানিং তাল গাছের সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। তাই এই গাছের বৃদ্ধি ও সংরক্ষণের জন্যে আমরা উদ্যেগ নিয়েছি। বৃক্ষ রোপন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মশিউদ্দৌলা, নাজমুল বারী পিন্টু, সাংবাদিক আবুল হাসনাত, সদরুল চৌধুরী, আশেক এলাহী, মোঃ সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুল, ছলিম।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ । ৬:৪৬ সন্ধ্যা