২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৫ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ২ সফর ১৪৪৩ হিজরি

রাজধানীর বসিলায় একটি বাসা থেকে ‘জেএমবির শীর্ষ নেতা’ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ । ১:০০ দুপুর

রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এরই মধ্যে সেখান থেকে ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, আটক ওই ব্যক্তি জেএমবির এক শীর্ষ নেতা। এর আগে আজ বৃহস্পতিবার ভোর থেকে বসিলা ব্রিজের কাছে একটি বাসা জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘র‍্যাব জেএমবির একজন শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয়েছে। সেখান থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও রাসায়নিক দ্রব্য পেয়েছি। আনুমানিক তিন লাখ টাকাও পেয়েছি। বেশ কিছু জিহাদি বই ছিল সেখানে। আটক ব্যক্তির নাম ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার।’

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘ভবনটির দারোয়ান ও আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি, গত ২ তারিখ দুজন ব্যক্তি ওই বাড়ি ভাড়া নেন। তাঁরা প্রিন্টিং প্রেসে কর্মরত বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন। ওই দুজন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন এবং কিছুদিন পর তাঁরা পরিবারসহ উঠবেন বলেও জানিয়েছিলেন। পরিবার নিয়ে ওঠার সময় তাঁরা জাতীয় পরিচয়পত্র দেবেন বলেও আশ্বস্ত করেছিলেন।’

খন্দকার আল মঈন বলেন, ‘আমরা ইমদাদুল হককে র‍্যাব সদর দপ্তরে নিয়ে গিয়েছি। এখন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে। সংগঠনে তাঁর কী ভূমিকা, কোন পদে আছেন—এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে বিকেলে। তবে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের কাছ থেকে জেনেছি, জেএমবির একজন উচ্চপদস্থ নেতা হিসেবে উজ্জ্বল মাস্টারের অবস্থান রয়েছে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন