২৪ ঘন্টা নিউজ
শনিবার ১১ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৪ সফর ১৪৪৩ হিজরি

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ । ৪:২৮ বিকাল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

আজ শনিবার দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। স্থানীয় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে জামালপুরে যান তিনি।

দীপু মনি বলেন, ‘দীর্ঘ ১৭ মাস পর খোলা হচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান হবে। স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে সংক্রমণ বাড়ার আশঙ্কা কম। আশা করছি, সংক্রমণ বাড়বেও না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। তারপরও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, সেটা করতেও আমরা দ্বিধাবোধ করব না।’

শিক্ষাপ্রতিষ্ঠানে আসার কারণে কেউ করোনায় সংক্রমিত হবে না- এমনটা উল্লেখ করে দীপু মনি বলেন, কারণ, সেখানে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবে। কিন্তু অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বাড়িতে যদি পরিবারের কোনো সদস্য বা শিক্ষার্থীদের মধ্যে উপসর্গ থাকে, তাহলে ওই শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো যাবে না।

পরে শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন। জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন