২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৩ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news২৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৬ সফর ১৪৪৩ হিজরি

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে শ্রম আইনে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৪১ সন্ধ্যা

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা করেছে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

গত ৯ সেপ্টেম্বর ঢাকা তৃতীয় শ্রম আদালতে ফৌজদারি আইনের ৩০৩ (ঙ) ও ৩০৭ ধারায় এ মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান।

ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি আইনে একটি মামলা করেন।

আদালত ১২ অক্টোবরের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মামলার অপর আসামিরা হলেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গেলে সেখানে শ্রম আইনের কিছু লঙ্ঘন নজরে আসে। এর মধ্যে রয়েছে- ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি; শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি; এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি।

এসব অভিযোগের ভিত্তিতে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর বাদী হয়ে ফৌজদারি আইনে মামলা করেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন