২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৩ হিজরি

সংসদের মুলতবি বৈঠক শুরু

সংসদের মুলতবি বৈঠক শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ । ১২:৫২ দুপুর

বিরতির পর সংসদের মুলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে।

চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। সেই হিসেবে সোমবার জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যু হওয়ায় আজ সংসদে শোক প্রস্তাব গ্রহণের পরপরই অধিবেশন আজকের মতো মুলতবি করা হবে।

এদিকে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকলেও বরাবরের মতো বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত নেই। বর্তমানে তিনি অসুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত আছেন।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া একাদশ সংসদের চতুর্দশ অধিবেশনে সদস্যদের মৃত্যুজনিত কারণে এর আগেও দু’দফায় অধিবেশন মুলতবি করা হয়েছিল।

সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথম দিনের বৈঠক এবং আওয়ামী লীগ দলীয় আরেক সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরদিন ২ সেপ্টেম্বরের বৈঠক ওই দিনের জন্য মুলতবি করা হয়।

চলতি অধিবেশন মাত্র চার কার্যদিবস চালিয়ে ৪ সেপ্টেম্বর শেষ করার পরিকল্পনা থাকলেও সংসদে শোক প্রস্তাব গ্রহণের কারণে মেয়াদ বাড়াতে বাধ্য হন স্পিকার। এ ছাড়াও তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকার শিরীন শারমিন ৫ সেপ্টেম্বর অস্ট্রিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। ফলে ১০ দিনের জন্য অধিবেশন মুলতবি করা হয়।

আজ মঙ্গলবার মুলতবি বৈঠক শুরু হলেও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিনি সোমবার ভোরে মারা যান। এরপর রেওয়াজ অনুযায়ী আজকের মতো বৈঠক মুলতবি করা হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন