২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৩০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৭ সফর ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে মাদার স্টিল শিপ ইয়ার্ডে দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ । ৩:০৭ বিকাল

সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙার কারখানায় স্ক্র্যাপ লোহা কিনতে গিয়ে গ্যাস সিলিন্ডারের ধাক্কায় মো. আলী নাজিম(৪৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের মাস্টার কাসেমের মালিকানাধীন ‘মাদার স্টিল’ নামক ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজিম উপজেলার কুমিরা ইউনিয়নের কাজী পাড়ার মো. জানে আলমের ছেলে। এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী সীতাকুন্ড থানার এসআই ফারুক হোসেন জানান, সকাল ১০টার দিকে স্ক্র্যাপ লোহা কিনতে মাদার স্টিলে আসেন মো. আলী নাজিম। এ সময় বোতল সুপারভাইজারের নেতৃত্বে মাদার স্টিলের শ্রমিকরা ট্রাক থেকে গ্যাসের বোতল নামাচ্ছিলেন। তারা ট্রাকের উপর থেকে জোরে-জোরে বোতলগুলো নিচে ফেলতে থাকেন। তখন একটি বোতলের মুখ খুলে গ্যাস বের হওয়া আরম্ভ হলে বোতলটি ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে বোতলটি গ্যাসের সিলিন্ডার বহনকারী ট্রাক থেকে প্রায় ১৫০ ফুট দূরে দাঁড়িয়ে থাকা মো. আলীর মুখে গিয়ে আঘাত করে। বোতলের প্রচণ্ড আঘাতে মো. আলীর মুখ থেঁতলে যায়।

এ সময় ইয়ার্ডের শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন