২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৩১ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ৮ সফর ১৪৪৩ হিজরি

ভিআইপিদের জন্য ফেসবুকের বিশেষ ছাড়!

ভিআইপিদের জন্য ফেসবুকের বিশেষ ছাড়!
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ । ১:৩১ দুপুর

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিয়ম-নীতি না মানলে ভিআইপিরাও ছাড় পাবেন না। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফেসবুকে সবাই সমান। তার সামাজিক অবস্থান যাই হোক না কেন, নিয়মের কোনো ব্যতিক্রম করা হয় না এ সোশ্যাল মিডিয়ায়। এমনটাই দাবি করে মার্ক জুকেরবার্গের সংস্থা।

তবে সম্প্রতি ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ অভিযোগ করে বলেছে মূলত ব্যাপারটা তেমন নয়। ফেসবুক তাদের নীতির ক্ষেত্রে অবশ্যই দ্বিমুখী। সাধারণ নাগরিক ও সেলেব্রিটিদের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম রয়েছে ফেসবুকের।

মোটাদাগে বলতে গেলে, সেলিব্রিটিদের ক্ষেত্রে অপেক্ষাকৃত অনেক নরম নিয়ম মেনে চলে ফেসবুক।

উদাহরণস্বরূপ বলা হয়, ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের কথা। ২০১৯ সালে তিনি একটি নগ্ন নারীর ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে। ওই নারী নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন।

সাধারণত, এই ধরনের ছবি পোস্ট করলে সেটি সঙ্গে সঙ্গে সরিয়ে দেয় ফেসবুক। কিন্তু নেইমারের ক্ষেত্রে তা হয়নি। শেষ পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে ৫ কোটি ৬০ লাখ ইউজার দেখেছিলেন ছবিটি।

ওই রিপোর্টে বলা হয়, ফেসবুক একটি প্রোগ্রাম ব্যবহার করে যার নাম ‘ক্রস চেক’ বা ‘এক্সচেক’। এই প্রোগ্রাম ফেসবুকের ভিআইপি অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ নিয়ম অনুসরণ করে।

তাদের ক্ষেত্রে কখনোই কঠোর হয় না জুকেরবার্গের সংস্থা। ওই রিপোর্ট থেকে জানা গেছে, ফেসবুকে অন্তত ৫৮ লাখ হাই প্রোফাইল রয়েছে। তাদের সবারই ভিআইপি পাস থাকায় নিয়মভঙ্গ করেও ছাড় পেয়ে যান তারা।

এ প্রসঙ্গে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন জানান, ‘ক্রস-চেক’ ব্যবহার করা হয় অনেক পেজ ও প্রোফাইলের ক্ষেত্রে। ওই সব অ্যাকাউন্টের ক্ষেত্রে রিভিউ করার সময় দ্বিতীয় নজরদারি চালানো হয়।

যাতে নিশ্চিত করা যায় ফেসবুক তাদের নীতির প্রয়োগে কোনো ভুল করছে না। অর্থাৎ হাই প্রোফাইলদের ক্ষেত্রে কোনো ভুল যাতে না হয়, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন