২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৩ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় পণ্ড যুবদলের আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধায় পণ্ড যুবদলের আনন্দ মিছিল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৩৪ সন্ধ্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ সোমবার উপজেলা সদরের অনন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলা ও পৌর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় নেতাকর্মী নিয়ে আজ সকালে একটি আনন্দ মিছিল বের করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুঁইয়া। মিছিলটি অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কিছু দূর যাওয়ার পর পুলিশ তাতে বাধা দেয়। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক ইমুকে আটক করেছে।

কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুঁইয়া বলেন, ‘নতুন কমিটি গঠন করায় আমরা নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল বের করি। পুলিশ বিনা উসকানিতে আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে।’ তিনি দাবি করেন, ‘এ সময় পুলিশের হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।’

এ বিষয়ে কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরূপ পাল বলেন, ‘সংঘর্ষে কেউ আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে এমন তথ্য জানা নেই।’

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুঁইয়া জানান, অনুমতি ছাড়াই তারা একটি মিছিল বের করে। এ ছাড়া যুবদলের পদধারী ও পদ বঞ্চিতদের মধ্যে উত্তেজনা চলতে থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাধা দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। একজনকে আটক করা হয়েছে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন