২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪৩ হিজরি

রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ । ৬:৩৭ সন্ধ্যা

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রনপ কুমার ভক্ত এই বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইফুল ইসলামের দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ১১ অক্টোবর জামিন শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সিআইডির জনসংযোগ শাখা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বলেন, ‘রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন, এমন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একজনের করা মামলায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞতানামা হিসেবে আসামি করা হয়েছে।’

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভুক্তভোগী গত ৩০ সেপ্টেম্বর ভাটারা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

আজাদ রহমান বলেন, ‘ভুক্তভোগীর করা এ মামলাটি সিআইডির সাইবার পুলিশ সেন্টার তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্য অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান অব্যহত রয়েছে।’

মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানটি গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ টাকা, জুনে ১০৯ কোটি ১৩ লাখ, এবং জুলাইয়ে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নেয়।

মামলার অভিযোগে থাকা এই টাকা যাতে বিদেশ পাচার হতে না পারে সেজন্য বাংলাদেশ ব্যাংকে তাঁদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে সিআইডির পক্ষ থেকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন