২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ অক্টোবর ২০২১ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

ফের আরিয়ানের রিমান্ড চাইতে পারে এনসিবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ । ১২:২৭ দুপুর

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

গতকাল বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় একজন বিদেশি নাগরিককে আটকের পর এ বিষয়টি সামনে এলো। ওই ব্যক্তির কাছ থেকে বাণিজ্যিকভাবে ব্যবহার হতে পারে এমন পরিমাণ মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে এনসিবি। টাইমস নাউ-এর বরাতে এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মাদককাণ্ডে গ্রেপ্তার আরিয়ান খানসহ অভিযুক্তদের মুঠোফোন ফরেনসিক পরীক্ষার জন্য মুম্বাইয়ের গান্ধী নগরের একটি পরীক্ষাগারে পাঠানো হয়।

এর আগে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দাবি করে, আরিয়ানের হোয়াটসঅ্যাপ আলাপচারিতায় ‘অবাক করার মতো এবং অপরাধমূলক’ প্রমাণাদি পাওয়া গেছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গেও সংযোগের অভিযোগ তাদের।

গত ৪ অক্টোবর আরিয়ান খানকে ফের জামিন না দিয়ে ৭ অক্টোবর পর্যন্ত ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন আদালত। আজ সেই মেয়াদ শেষ হচ্ছে।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। সেদিন সন্ধ্যায় মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে এক দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০, ২৭ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে।

২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে। ধারণা করা হচ্ছে, ফের জামিন আবেদন করবেন তিনি।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন