২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৪ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

বিরোধী শিবিরে থেকেও স্বৈরাচারী বিএনপি : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১ । ২:৩৫ দুপুর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভুলন্ঠিত করেছে বিএনপি, ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধী শিবিরে থেকেও তারা স্বৈরাচারী। নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বিএনপি।’

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবন প্লাজা সংলগ্ন তাঁর বাসভবনে আজ রোববার সকালে ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রকে নাকি নিরুদ্দেশ করা হয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে, তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপিই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকছে, আর বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। তাদের হঠকারিতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে অপরাজনীতি তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভুলন্ঠিত করেছে বিএনপি। ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধী শিবিরে থেকেও তারা স্বৈরাচারী। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই। তাই তারা মুখে যতো কথাই বলুক, নির্বাচনে তারা আসবেই। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং কর্মী-সমর্থকদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে। এটা তাদের বর্ণচোরা রাজনীতি। বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না। আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাইতো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে।’

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ইউপি নির্বাচনে ভুল ও তথ্য গোপনের কারণে বিতর্কিত কারো মনোনয়ন পাওয়ার অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হচ্ছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন