২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যু ১৪ জনের, শনাক্ত ৫৪৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ । ৫:৩১ সন্ধ্যা

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭১৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৫৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭০১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৩ হাজার ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২২ হাজার ৯২৪টি। করোনা শনাক্তের হার দুই দশমিক ৩৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৬৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ দশজন ও নারী চারজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৭ হাজার ৭৬০ জন ও নারী নয় হাজার ৯৫৩ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিনজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে চারজন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১২ জন ও বেসরকারি হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছে। বাসায় মৃত্যুবরণ করেছে একজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন