২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৭ অক্টোবর ২০২১ www.24ghonta.news১২ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করা সেই প্রভাষক রিমান্ডে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ । ৬:৫৬ সন্ধ্যা

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কিশোরগঞ্জের প্রভাষক রুহুল আমীনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনিসুল হক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্ত রুহুল আমীন ওই কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের হয়বতনগর ফিসারি রোডে ভাড়া বাসায় থাকেন।

এর আগে গত ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন গ্রেপ্তারকৃত রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ২৩ অক্টোবর রাতে পুলিশ রুহুল আমীনকে গ্রেপ্তার করে।

তদন্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) বাদল তালুকদার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৩ অক্টোবর মামলাটি করেন। ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুছলেহ উদ্দিন খান জানান, গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত কলেজের পরিচালনা কমিটির সভায় রুহুল আমীনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে ওই ঘটনার তদন্তে একটি কমিটি গঠনসহ রুহুল আমীনকে স্থায়ীভাবে বরখাস্ত করার ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন