২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৮ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ২২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ । ১১:৩৪ সকাল

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আসন্ন ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে বড় শাহআলম ও ছোট শাহআলম গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০-১২ জন।

বৃহস্পতিবার সকালে চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাচারিকান্দি এলাকার মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

আহতরা হলেন- রমজান (১৮), মোকলেস (২২), আহিদ মিয়া (৪৩), জজ মিয়া (১৪) শামসুনাহার (৩৪), দানা মিয়া (৬০), আলামিন মিয়া (২০), নাজির (২১), নাজমা (২৪), দানিস মিয়া (২৪), মো. হক মিয়া (৫০)।

এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় জজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহআলম ও ছোট শাহআলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই গ্রুপে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ আহত ৯ জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এসময় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তাকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন