চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হয়েছে দুই ভর্তিচ্ছু। শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মীরা তাদের মারধর করেছে বলে জানায় ভুক্তভোগীরা।শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুই ভর্তিচ্ছু হলো আরাফাত হোসেন ও আখতার হোসেন। তারা চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে এসেছিল।এসময় মারধরকারীরা হচ্ছেন, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের জুয়েল, একই শিক্ষাবর্ষের সংস্কৃত বিভাগের অনিক দাশ, লোকপ্রশাসন বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন, বাংলা বিভাগের সবুজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রনি, ইবনুল ও জাবেদ। এরা সবাই ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন গ্রুপের কর্মী এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারি বলে ক্যাম্পাসে পরিচিত।
জানা গেছে , মারধরের শিকার ভর্তিচ্ছুরা পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে যায়। তখন ৮-৯ জন শিক্ষার্থী তাদের ডেকে এনে র্যাগ দেওয়ার এক পর্যায়ে তাদের কথার অবাধ্য হলে ওই শিক্ষার্থীরা তাদেরকে কিল-ঘুষি দিতে থাকে। পরে কয়েকজন শিক্ষার্থী তাদের আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে একজনের কপালে ব্যান্ডেজ করে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দেয় ভুক্তভোগী আরাফাত হোসেনের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাই বখতিয়ার হোসেন জানান, ছোটভাইরা পরীক্ষা দিয়ে ফেরার পথে তাদেরকে র্যাগ দেয়ার চেষ্টা করে। পরে ওরা কথা মানতে না চাইলে মারধর করে শাহজালাল হলে নিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা একটি মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে যায়। আমাকে ফোন দিয়ে জানানো হলে তাদেরকে সেখান থেকে উদ্ধার করি।এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, আমি শুনেছি ভর্তিচ্ছু দুজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর করা হয়েছে। কারা মেরেছে এখনো জানিনা। তাদের কেউ যদি আমাদের কোন কর্মী হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভর্তিচ্ছুদের মারধরে যারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। যেকোন বিশৃঙ্খলা আমরা শক্তভাবে প্রতিহত করব।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ । ৭:০০ রাত