২৪ ঘন্টা নিউজ
সোমবার ৮ নভেম্বর ২০২১ www.24ghonta.news২৪ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ৩ রবিউস সানি ১৪৪৩ হিজরি

‘সরকারকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১ । ১:২৮ দুপুর

নির্ধারিত ভাড়ার অতিরিক্ত যেন যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই আদায় করা না হয়, এ বিষয়ে পরিবহণ মালিক-শ্রমিকদের স্মরণ করে দিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে পরিবহণ মালিক-শ্রমিকদের এ ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ার করে দেন। তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোলচালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না।

ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে বলেন, দেশে কোনো ভয়ংকর পরিস্থিতি নেই। তিনি বলেন, জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর।

‘জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে রাজনীতিতে দুর্বৃত্তায়নের অনুপ্রবেশ ঘটিয়েছে অগণতান্ত্রিক স্বৈর-সরকার, তারাই রাজনীতিকে কলুষিত করেছে। আর, এ দায় বিএনপি কখনও এড়াতে পারবে না।’

ওবায়দুল কাদের বলেন, “যারা মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যা করে স্বাধীনতার চেতনাবিরোধী ধারায় রাষ্ট্র পরিচালনা করেছিল, ‘সিপাহী জনতার বিপ্লব’ নামে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যা করেছিল—সময় এসেছে তাদের মুখোশ উন্মোচন করার।’

‘হাতের তালু দিয়ে বিএনপি আকাশ ঢাকতে চায়, কিন্তু সত্য প্রকাশিত হবেই’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সত্যের বন্যা অপ্রতিরোধ্য।

‘১৯৭৫ এর ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত যেসব ষড়যন্ত্রমূলক ঘটনা সংঘটিত হয়েছে, তা জনসমক্ষে আনা হয়নি, কারও কারও কৃত্রিম ইমেজ তৈরি করা হয়েছে’ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তদন্ত কমিশন গঠনের মাধ্যমে সেসব ঘটনা এবং দায়ীদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।’

বিএনপিনেতারা বলেছেন, তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মণ্ডপে হামলা করেছে যারা, আগুন জ্বালিয়েছে যারা, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে, তারা বিএনপির ভাষায় দেশপ্রেমিক।’

‘অভিযুক্তদের দেশপ্রেমিক কর্মী বলে বাঁচানোর চেষ্টা করছে বিএনপি’ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, পূজামণ্ডপে যারা হামলা করেছে, ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন