২৪ ঘন্টা নিউজ
সোমবার ২২ নভেম্বর ২০২১ www.24ghonta.news৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ১৭ রবিউস সানি ১৪৪৩ হিজরি

করোনায় শনাক্ত ২৬৪, মৃত্যু দুই জেলায় ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১ । ৫:১৯ সন্ধ্যা

দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে। এদের একজন ঢাকা বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের। জেলা ভিত্তিক হিসেবে এ দুজনের একজন গাজীপুর জেলার ও অপরজন নোয়াখালী জেলার।

সোমবার (২২ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৬১৪ জনের। এতে শনাক্ত হন ২৬৪ জন, যাতে শনাক্তে হার ১.৪২ শতাংশ।

এ পর্যন্ত ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭৪ হাজার ৪৫২ জন, যাতে মোট শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ।

এছাড়া, গত এক দিনে সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন। এদিকে দেশে নতুন যে দুজন মারা গেছেন তারা দুজনেই নারী। তাদের নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৯৫৫

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটাই করোনার প্রকোপ নিম্নমুখী ছিল। অক্টোবরেও তা অব্যাহত রয়েছে।

দেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংস্থাটি স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে। যেকোনো সময় করোনা আবার জটিল আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন