২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৩০ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

কথা মালার চাতুরি ছাড়া রাজনীতিতে কোনো সম্পদ নেই ফখরুলের:কাদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ । ৪:৫৯ বিকাল

রাজনীতিতে কথামালার চাতুরি ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর কোনো সম্পদ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন কিছু করার নেই। নির্বাচন করে ব্যর্থ, আন্দোলন করে ব্যর্থ, নেত্রী কারাগারে জবাব দিতে পারছে না। নেত্রীর জন্য একটা দৃশ্যমান মিছিল রাজপথে করতে পারেনি। কাজেই মির্জা ফখরুলের কথা মালার চাতুরি ছাড়া রাজনীতিতে আর কোনো সম্পদ নেই।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের মাঠ পরির্দশন করতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ মাসটা অপেক্ষা করেন দাম কমে যাবে। আশা করছি দাম কমে যাবে। এ বিষয়ে সরকার সব ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব সৃষ্টি হবে। প্রস্তুতি প্রায় শেষের দিকে। সম্মেলন ঘিরে সাজ সাজ বর তৈরি হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলররা আছেন। তারা নাম প্রস্তাব ও সমর্থন করবেন। সব কিছু অভ্যন্তরীণ গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।

তিনি বলেন, সর্বোপরি আমাদের নেত্রী (শেখ হাসিনা) আছেন, তিনি হলেন সকলের অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন আমরা সেইটাই ভালো মনে করবো। সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে যেখানে থাকতে চায় এবং যাদের ক্লিন ইমেজ, সৎ, কর্মঠ, তাদের নেতৃত্বে আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী , খায়রুল ইসলাম জুয়েল, সাজ্জাদ সাকিব বাদশাসহ অনেকে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন