নগরীর কাজির দেউড়িতে নালায় পড়ে এবার ইয়াসির আরাফাত (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর পা ভেঙে গেছে। আহত ইয়াসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(৩০ নভেম্বর) রাত ১০টার দিকে কাজির দেউড়ি হল-২৪ কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
আহত ইয়াসিরের বাড়ি নগরীর হালিশহরের চুনা ফ্যাক্টরি এলাকায়। তিনি চট্টগ্রাম কমার্স কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে চার বন্ধু হেঁটে কাজির দেউড়ি মোড় থেকে সিআরবির দিকে যাচ্ছিলেন। হল-২৪-এর বিপরীতে ফুটপাতের ওপর একটি স্ল্যাব উন্মুক্ত ছিল, যা তারা খেয়াল করেনি। অসাবধানতাবশত আরাফাত ওই উন্মুক্ত স্থানে পড়ে যায়। এতে তার পায়ে জখম হয়।
নাজমুল নিরব নামে তার এক বন্ধু বলেন, এক্স-রে করে জানা গেছে তার বাম পায়ের হাড় ও দুটি আঙুলের হাড় ভেঙে গেছে। সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১ । ১:২০ দুপুর