২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news৩ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

পাচারের জন্য ঢাকায় নেওয়া হয় তরুণীকে, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১ । ২:০৯ দুপুর

বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। এ কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এরই মধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে উদ্ধার করে র‍্যাব। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার তিন জন হলেন মুহাম্মদ নাঈম, আসাদুজ্জামান নূর ও ফাতেমা বেগম।

নিয়াজ মোহাম্মদ বলেন, ‘চট্টগ্রামের ফটিকছড়ির দরিদ্র পরিবারের এক তরুণী হাটহাজারীতে একটি বাসায় কাজ করত। এর মধ্যে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় নেওয়া হয়। এদিকে, গত মঙ্গলবার থেকে ওই তরুণীকে পাওয়া যাচ্ছিল না। পরে তরুণীর বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

নিয়াজ মোহাম্মদ আরও বলেন, ‘পরে র‍্যাব ঘটনাটির তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণীর অবস্থান শনাক্ত করতে পারে র‍্যাব। গতকাল ঢাকার ফকিরাপুলের একটি বাস কাউন্টারের সামনে থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ওই তরুণীর কাছ থেকে আমরা বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করেছি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর গাবতলী থেকে নাঈম ও আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যে চক্রটির আরেক সদস্য ফাতেমা বেগমকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়।’

নিয়াজ মোহাম্মদ বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিন জন স্বীকার করেছেন, তাঁরা ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচারের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছিলেন। তাঁরা দীর্ঘদিন ধরে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন বলেও জানান। তাঁদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করা হয়েছে।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন