দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাশ থেকে উদ্ধার করা হয় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল। পুলিশের ধারণা, নিহত দুজন মোটরসাইকেলের আরোহী ছিলেন। সড়কে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তাঁরা।
সাতকানিয়ার সিকদার দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হরিপুর এলাকার তোফায়েল আহমদের ছেলে তৌহিদুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর হোসেনের ছেলে সালাহ উদ্দীন (২৫)।
নিহত সালাহ উদ্দীনের চাচা খোরশেদ আলম মিলন জানান, সালাহ উদ্দীন ও তৌহিদ দুজনই চাচাতো-জেঠাতো ভাই। তাঁরা মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন। ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘রাস্তার পাশে দুটি লাশ পড়ে আছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করি। এ ছাড়া লাশ দুটির পাশেই দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।’
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১ । ১:০১ দুপুর