২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ www.24ghonta.news১১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২১ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সেন্টমার্টিনে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ । ১২:৩২ দুপুর

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামীকাল রোববার টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে দ্বীপটিতে শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

চতুর্থ ধাপের সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বহিরাগতদের উপস্থিতি বন্ধ রাখতে এ দুই দিন সেন্টমার্টিনের সঙ্গে চলাচলকারী তিনটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী সাংবাদিকদের জানান, আজ শনিবার (২৫ ডিসেম্বর) দ্বীপ থেকে সব পর্যটককে সরিয়ে নেওয়া হবে।

পারভেজ চৌধুরী বলেন, ইউপি নির্বাচন থাকায় নৌপথে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-সেন্টমার্টিন ও চট্টগ্রাম-সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব পর্যটক সেন্টমার্টিন ছিলেন, তাদের অধিকাংশ শুক্রবার দ্বীপ ত্যাগ করেছেন। বাকিরা শনিবার দুপুরের মধ্যে দ্বীপ ছেড়ে যাবেন।

তিনি আরও বলেন, আগামী ২৭ ডিসেম্বর থেকে পুনরায় তিনটি নৌপথে আবার স্বাভাবিক নিয়মে জাহাজ চলাচল করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সেন্টমার্টিন ইউপির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে মুজিবুর রহমান (নৌকা), বর্তমান চেয়ারম্যান নুর আহমেদ (মোটরসাইকেল), আবদুর রহমান (চশমা), জাহিদ হোসেন (আনারস) ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ (টেলিফোন) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পুরো ইউনিয়নের নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ইউপিতে মোট ৩ হাজার ৩৬৫ জন ভোটার রয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন