২৪ ঘন্টা নিউজ
রবিবার ২ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৯ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৩ হিজরি

দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২ জানুয়ারি, ২০২২ । ১:০৭ দুপুর

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি একটি ক্যানসার, দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়।

রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আঙুলে ক্যানসার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।
এ সময় তিনি মামলাজট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন।

নবনিযুক্ত প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ছাড়াও বারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলও বক্তব্য রাখেন।

এর আগে শুক্রবার বিকেলে বঙ্গবভবনে দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধান ও আইনের ‘রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের’ শপথ নেন তিনি। এ সময় অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সরকারের পক্ষ থেকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর নাম ঘোষণা করা হয়। শপথ গ্রহণের পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হন তিনি।

প্রসঙ্গত, ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর হাসান ফয়েজ সিদ্দিকী জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ঢাকা জজকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। পরে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি এবং ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন। এ ছাড়া ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এই বিচারপতি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন