২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

চবি শিক্ষক সমিতির নির্বাচন কাল, নেই বিএনপি-জামায়াতপন্থী দল

চবিতে স্বশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ । ৯:৪৬ রাত

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল (১৭ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে না বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর বলেন, ‘নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। ৮৬২ জনের মধ্যে ১৭১ জন ভোটার গত ১১ ও ১৩ জানুয়ারি অগ্রিম ভোট দিয়েছেন। নির্বাচনে একজন সাধারণ সম্পাদক ও ছয়জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, হলুদ দল থেকে নির্বাচনে লড়ছেন সভাপতি পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হানিফ সিদ্দিকী, সহসভাপতি পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, কোষাধ্যক্ষ পদে চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক সজীব কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ।

এ ছাড়া সদস্য পদে জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের নাজনীন নাহার ইসলাম, বাংলা বিভাগের শারমিন মুস্তারী, সমাজতত্ত্ব বিভাগের মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, রসায়ন বিভাগের ফণীভূষণ বিশ্বাস, পদার্থবিদ্যা বিভাগের সৈয়দা করিমুন্নেছা ও আইন বিভাগের হোছাইন মোহাম্মদ ইউনুছ সিরাজী।

মনোনয়ন না পেয়ে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে চারটি পদে নির্বাচনে অংশ নিচ্ছেন হলুদ দলের আরও চার প্রার্থী। এরা হলেন সভাপতি পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সেলিনা আখতার, সহসভাপতি পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সুমন বড়ুয়া, কোষাধ্যক্ষ পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুমন গাঙ্গুলী ও যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস এ এম জিয়াউল ইসলাম।

তবে এবারের শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ও সাদা দল থেকে বেরিয়ে আসা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

এদিকে নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপি-জামায়তপন্থী শিক্ষকরা বলছেন, ‘বিশ্ববিদ্যালয় ও দেশে কী নির্বাচনের কোনো পরিবেশ আছে? নিজের বিবেকের দংশন থেকে আমরা সব কিছু থেকে বিরত থাকছি। আমরা গত বছরও নির্বাচন করিনি, এই বছরও করছি না।’

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন