চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমরান উদ্দীন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ ১৯ জানুয়ারি, বুধবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইমরান উদ্দীন নোয়াখালী জেলার হাতিয়া থানার মৃত রবিউল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাগ ইউনিয়নের বন্দর সেন্টার এলাকায় কাফকো হাউজিং সংলগ্ন ইউনিয়ন পরিষদ এর পাশে আরব খাঁন মার্কেটে ছাদের সেন্টারিংয়ের কাজ করার সময় পাশের বিদ্যুতের মেইন তারে জড়িয়ে যায়।
সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ । ১২:৩৯ দুপুর