২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ জানুয়ারি ২০২২ www.24ghonta.news৭ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ১৭ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীসহ ৩৯ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ । ১০:০১ সকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে গতকাল বুধবার রাতে এ তথ্য জানিয়েছেন। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘কিছুক্ষণ (বুধবার রাতে) আগেই আমরা রিপোর্ট পেলাম—৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনেরই করোনা পজিটিভ এসেছে। এটা নিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও ডিনদের সঙ্গে প্রশাসনের একটি মিটিং হবে। সেখান থেকে হয়তো কোনো সিদ্ধান্ত আসতে পারে৷’

রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে যাদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের সংখ্যা খুব বেশি না। এটা নিয়ে আতঙ্কের কিছু নেই। আশা করি, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে করোনা সংক্রমণের হাত থেকে আমরা বাঁচতে পারব। আবাসিক হলগুলোতে আইসোলেশন কক্ষ রয়েছে। যাঁদের করোনার লক্ষণ দেখা দেবে, তাঁরা যেন আইসোলেশনে চলে যান।’

বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান বলেন, ‘গত দুদিন ধরে নমুনা সংগ্রহ বাড়ছে। পাশাপাশি শনাক্তের সংখ্যাও বাড়ছে। এর আগে শনাক্তের সংখ্যা তেমন ছিল না৷ গত দুদিনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ সবমিলিয়ে ৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। আমরা তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছি। আমরা চাই, যাঁরা তরুণ শিক্ষার্থী রয়েছেন, তাঁদের কাছ থেকে যেন অন্যদের মধ্যে করোনা না ছড়ায়। সেজন্য হলে হলে আইসোলেশনের ব্যবস্থা রয়েছে। কারও অবস্থার অবনতি ঘটলে, আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন