২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৬ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৩ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৩ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

শাবিপ্রবি শিক্ষার্থীদের পক্ষে চবিতে অবস্থান কর্মসূচি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ । ৪:৪৫ বিকাল

সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় তারা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায়।

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

এসময় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম তার বক্তব্যে বলেন, পুলিশ রাখা হয় গুণ্ডা পাহারা দেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ে পুলিশ থাকবে কেন? পুলিশ থাকা মানেই বুঝতে হবে সেই বিশ্ববিদ্যালয়ে কোনো মুক্তবুদ্ধির চর্চা নেই। শাবিপ্রবি ভিসির মাথায় বিবেক নেই। তিনি মেরুদণ্ডহীন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান অধিকর্তা হওয়ার নৈতিক অধিকার হারিয়েছেন।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবিব বলেন, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়েই এমন ঘটনা ঘটছে। তবে সবগুলো ঘটনা সামনে আসছে না। ভিসি ফরিদ সাহেবের পতন করা গেলেই এই আন্দোলন সফল হবে বলে আমি মনে করি না। কারণ এক ফরিদ গেলে আরেক ফরিদ আসবে। নজরটা দেওয়া প্রয়োজন ভিত্তিমূলে। না হলে এরকম অনশন আমাদের করেই যেতে হবে।

সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা মজুমদার, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাজেশ্বর দাশগুপ্ত, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী গোরচাঁদ ঠাকুর, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মঞ্জুরুল হক, বাংলা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান ও সোহেল চাকমা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন