২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৯ জানুয়ারি ২০২২ www.24ghonta.news১৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ২৬ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের সোনাইছড়িতে জেলে পাড়ায় ভয়াবহ আগুন, পুড়ে গেছে ১৮ বসত ঘর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ । ১২:০৮ দুপুর

সীতাকুণ্ডের সোনাইছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮ বসতঘর পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় নুরুল করিম জানান, রাত তিনটার দিকে জেলে পাড়ায় আগুন লাগে।

আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে কুমিরা ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৮টি ঘরে থাকা মূল্যবান মালামাল, টাকা পয়সা, জেলেদের জাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন