চট্টগ্রামে চলমান সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় উপজেলার নলুয়া ইউনিয়নে তাসিব (১৩) নামের এক কিশোর এবং বাজালিয়া ইউনিয়নে আবদুস শুক্কুর (৪০) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
৭ ফেব্রুয়ারি, সোমবার দুজনের মৃত্যু হয়। নিহত তাসিবের বাবার নাম জসিম উদ্দিন। সে সপ্তম শ্রেণিতে পড়ত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নলুয়া ইউনিয়র কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর অনুসারীরা মারামারি করছিলেন। একপক্ষ তাসিবকে কারও সমর্থক মনে করে কুপিয়ে জখম করে। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাসিবের চাচা মিজানুর রহমান ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী।
নলুয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রের ইনচার্জ আবদুল মতিন বলেন, কেন্দ্রের বাইরে একজনের মৃত্যু হয়েছে।
অপরদিকে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে গুলিতে আবদুস শুক্কুর নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই ইউপিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের অনুসারী।
সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকিবুল হোসেন বলেন, বেলা ১১টার দিকে বাজালওলিয়া বোর্ড অফিস কেন্দ্রে শুক্কুর গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির সময় এ ঘটনা ঘটে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ । ৫:৫৭ সন্ধ্যা