গেল প্রায় আট মাস ধরে কোনো হদিস মিলছে না সৌদি রাজকন্যা বাসমাহ বিন্ত সৌদের৷ চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সময় তাঁকে আটক করা হয়৷ এরপর থেকে তিনি গৃহবন্দি হয়েছেন বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠজনরা৷
মানবাধিকার নিয়ে কাজ করার জন্য সুপরিচিত সৌদি রাজকন্যা বাসমাহ বিন্ত সৌদ৷ বেশ কিছু দিন ধরে তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না৷ কোনো রকমের আইনি প্রক্রিয়া ছাড়াই তাঁকে রিয়াদে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
রাজকন্যার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, বাসমাহ চাইলেও তার বক্তব্য প্রকাশ করতে পারছেন না, কেননা তাঁর সমস্ত যোগাযোগের উপর নজর রাখা হয়েছে৷ নিরাপত্তার স্বার্থে ঐ ব্যক্তি নাম প্রকাশ করতে চাননি৷
বাসমাহ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সাংবাধিনিক সংস্কার এবং মানবাধিকার নিয়ে কথা বলে আসছেন৷ তাঁর মতো দেশটির রাজতন্ত্রের সমালোচকরা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্রোধের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে৷ রাজপরিবারের অনেককেই এজন্য হত্যা, গুম, কারাবন্দি ও হুমকির শিকার হতে হয়েছে৷
বাসমাহর বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোন মন্তব্য প্রকাশ করেনি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ । ৪:০৯ ভোর