২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৫ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ১৬ রজব ১৪৪৩ হিজরি

দুদকের মামলায় প্রদীপের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ । ৬:০৮ সন্ধ্যা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবৈধ সম্পদ অর্জনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে উচ্চ আদালতে করা আবেদনের ওপর আদেশ দাখিল বিষয়ে সময়ের আবেদন মঞ্জুর করায় এটি পিছিয়ে গেছে। তবে একই মামলায় তার পলাতক স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করবেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালত এই আদেশ দেন।

এর আগে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হয়। গত ১৭ জানুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে প্রদীপ-চুমকির পক্ষে সময়ের আবেদন হওয়ায় তা হয়নি।

২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

গত বছরের ২৬ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ১ সেপ্টেম্বর অভিযোগপত্রের ওপর শুনানি হয়। ২৯ জুন দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দেন।

পরে ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটির এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন