২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪১ হিজরি

বিএনপি নেতাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে: কাদের

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ । ৭:০৫ সকাল

ক্ষমতায় থাকাকালে বিএনপি নেতারা ব্যাপক দুর্নীতি করেছেন দাবি করে তাদের সেই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের অবৈধ সম্পদের হিসাব নেয়া হবে বলেও জানান তিনি।

রবিবার সকালে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিমানবন্দর সড়কের শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব বের করা হবে। শুধু মন্ত্রী-এমপি কেন, প্রত্যেকেরই দুর্নীতি তথা ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা কে কত টাকার মালিক প্রত্যেকের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা হবে।’

সম্প্রতি সড়ক পরিবহন আইন সংশোধন হচ্ছে বলে খবর বেরিয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে গঠিত টাস্কফোর্সের কাজ খুব শিগগিরই শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, আমার মনে হয়, এ ব্যাপারে বলার অথরিটি তার। তিনি যা বলেছেন সেটা বিশ্বাস করে থাকুন। প্লিজ ওয়েট অ্যান্ড সি। শিগগিরই জানতে পারবেন।’

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু কষ্টদায়ক মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনী আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্পের কাজ করছে। কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে। বর্তমানে কাজের অগ্রগতি ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এটি চালু হলে জনগণ উপকৃত হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন