২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ www.24ghonta.news৯ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২০ রজব ১৪৪৩ হিজরি

শ্রদ্ধার ফুলে ভাষা শহীদদের স্মরণ চট্টগ্রামে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২ । ১২:৪০ দুপুর

পৃথিবীর বুকে ভাষার জন্য রক্ত দিয়ে অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস সৃষ্টিকারী জাতি বাঙালি। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির চেতনার প্রতীক। বুকের রক্ত দিয়ে যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাঁদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছেন চট্টগ্রামের মানুষ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে নগরের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা প্রথম জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী।

শহীদদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই হাজারও মানুষ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনার অভিমুখী লাইনে। বিশিষ্টজনদের শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত হয় শহীদ মিনার।

করোনাভাইরাস মহামারির কারণে এবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি হিসেবে ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এছাড়া মাস্ক পরা ছাড়া কাউকে শহীদ মিনার চত্বরে প্রবেশ না করতে বলা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার ঘাটতি নেই। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‌্যাব, সোয়াটের টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট মোতায়েন করা হয়েছে।

এন-কে

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন