সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুই ব্যক্তি নিহত হযেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা এবং রাত তিনটার দিকে উপজেলার বড়দারোগাহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক্সেল লোড কন্ট্রোল স্টেশন (ওজন স্কেল) এলাকায় পৃথক দুইটি দূর্ঘটনা ঘটে। এতে দেড়টার সময় পিকআপের ধাক্কায় মো. মাঈন উদ্দিন (৩২) নামের এক আনসার সদস্য এবং তিনটার দিকে একই এলাকায় লরির সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকের সহকারী আবদুল্লাহ ওমর (৩৫) নিহত হন। ওমর ঢাকা মধ্য বাড্ডা এলাকার আবদুল করিমের পুত্র। নিহত আনসার সদস্য মাঈন উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি বড়দারোগাহাট ওজন স্কেলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। জানা যায়,ওজন স্কেল এলাকায় আনসার সদস্য দায়িত্বরত অবস্থায় সড়ক পার হচ্ছিলেন।
এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মাঈন উদ্দিন নিহত হন। অপরদিকে বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় রাত তিনটা পর্যন্ত যানজট লেগে ছিল। দ্রুত যানজট পার হওয়ার জন্য ঢাকামুখী সোহাগ পরিবহনের বাসটি উল্টো পথে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ পরিবহনের বাসের সহকারী আবদুল্লাহ ওমর ঘটনাস্থলে নিহত হন। দুইটি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আবদুল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বড়দারোগাহাট ওজন স্কেল এলাকায় পিক-আপের ধাক্কায় এক আনসার সদস্য নিহত হন। রাত তিনটার দিকে বাসের সঙ্গে লরীর সংঘর্ষে বাসের এক সুপারভাইজার নিহত হন। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:৪৭ বিকাল