২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১ মার্চ ২০২২ www.24ghonta.news১৭ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪৩ হিজরি

বাড়িতে ভেজিটেবল কাটলেট তৈরি করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ । ২:৫৩ দুপুর

কাটলেট বললেই আমরা মনে করি এ যেন শুধু মাংস দিয়েই তৈরি করা যায়। কিন্তু ভেজিটেবল দিয়েও যে কাটলেট তৈরি করা যায় তা কি জানেন? ভেজিটেরিয়ানদের জন্য এই রেসিপিটি রান্নায় যোগ করবে আলাদা বৈচিত্র্য।

স্বাস্থ্যের জন্য দরকারি একটি পুষ্টিকর সবজি হলো বিট। বিটে রয়েছে ফাইবার, ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন সি। তাই এসব পুষ্টিগুণ পেতে নিয়মিত বিট খাওয়ার অভ্যাস করতে পারেন। বিট দিয়ে ভেজিটেবল কাটলেটও তৈরি করা যায়। আসুন জেনে নেই বাড়িতে কীভাবে অল্প কিছু উপাদান দিয়ে সহজেই তৈরি করতে পারবেন ভেজিটেবল কাটলেট।

প্রয়োজনীয় উপকরণ: ভেজিটেবল কাটলেট তৈরি করতে আপনার প্রয়োজন হবে বিট কুচি ৩ কাপ, ৫টি সেদ্ধ আলু ৩ কাপ, তেল ১ কাপ, কাজুবাদাম কুচি ২ চা চামচ, কিশমিশ ১০টি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ, জিরা গুঁড়ো ১/২ চা চামচ, গরম মশলা ১/২ চা চামচ, চাট মসলা ১ চা চামচ, সিদ্ধ করা কড়াইশুঁটি বা মটরশুঁটি ২ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ময়দা বা কর্নফ্লাওয়ার ১ কাপ, লবণ পরিমাণমতো, ব্রেডক্র্যাম্ব ২ কাপ ।

যেভাবে তৈরি করবেন: ভেজিটেবল কাটলেট তৈরি করতে প্রথমে বিটগুলো ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর গ্রেট বা কুচি করে নিন। গ্যাসের চুলায় সসপ্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়ে তাতে টুকরো করা কাজুবাদাম দিয়ে নাড়ুন। তারপর এতে যোগ করুন কিশমিশ। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ুন।

পেঁয়াজের রং বাদামি হয়ে গেলে তাতে দিয়ে দিন আদা রসুন পেস্ট। আরও কিছুক্ষণ রান্না করে সসপ্যানে গ্রেট করে রাখা বিট দিয়ে ভালোভাবে মেশান। তারপর লবণ, জিরা গুঁড়ো, গরম মসলা, চাট মসলা দিয়ে রান্না করুন ২ মিনিট। কিছুক্ষণ পর সসপ্যানে সিদ্ধ আলুগুলো কেটে দিয়ে দিন। এর ১ মিনিট পর মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে আলুগুলো ম্যাশ করে নিন।

এবার বিট ও আলু মাখায় সেদ্ধ করা কড়াইশুঁটি ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে হাতে অল্প অল্প নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিন। ময়দার সঙ্গে পরিমাণতো পানি মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। তাবে খুব ঘন বা খুব পাতলা করবেন না। এবার ময়দার মিশ্রণে বিটের কাটলেট ডুবিয়ে নিয়ে কাটলেটের উভয় পিঠে ভালো করে ব্রেডক্র্যাম্ব মাখিয়ে নিন।

তারপর কাটলেটগুলো ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। সসপ্যানে তেল গরম করুন। তারপর এক একটা কাটলেট গরম তেলে দিয়ে ভালো করে ভাজুন। উভয় পিঠ ভালো করে ভাজুন যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হয়। ভাজা হলে প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন বিটের কাটলেট।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন