সীতাকুণ্ডের সাগর উপকূলে দীর্ঘ ২৯ বছর ধরে আটকে থাকা একটি জাহাজ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট। স্থানীয় এক ইউপি সদস্যকে সামনে রেখে বড় বড় রাঘব বোয়ালেরা এই সিন্ডিকেটে রয়েছে বলে জানা যায়। তারা জাহাজটি ক্রয়ের কথা বললেও মূলত জাহাজ ক্রয়ের কোন সঠিকতা নাই বলেও স্থানীয়দের দাবি। যে ইয়ার্ডে জাহাজটি কাটা হচ্ছে সে ইয়ার্ডের লাইসেন্স নবায়ন না থাকায় জাহাজ কিভাবে কাটা হচ্ছে, কোন দুর্ঘটনা ঘটলে দায়ভার কে নেবে ইত্যাদি নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। স্থানীয় সূত্রে জানা যায়, ‘রয়েল বাড’ নামের এই জাহাজটি রাজধানী ঢাকার কোন এক এতিমখানার নামে দান করেছিলেন এক শিল্পপতি।
১৯৯৩ সালে চট্রগ্রাম বন্দরে আসার পথে সাগরের মাঝখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় জাহাজে। তখন ক্যাপ্টেন জাহাজটিকে সীতাকুন্ডের ভাটিয়ারীর সাগর উপকূলে নোঙ্গর করে রাখেন। দীর্ঘদিন ধরে জাহাজটি সেখানেই পড়ে ছিল। পরবর্তীতে ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজ ভাঙ্গার কারখানা চালু হলে জাহাজটি তাদের ইয়ার্ডের সীমানার ভিতর পড়ে যায়। বিগত ২৯ বছর জাহাজটি একই স্থানে পড়ে থাকলেও গত কিছুদিন ধরে জাহাজটি কেটে নিচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক মো. নায়িম শাহ বলেন, শুনেছি স্থানীয় মেম্বার, চেয়ারম্যানরাসহ কয়েকজন জাহাজটি কাটছে। তারা মালিকের কাছ থেকে জাহাজটি কিনেছে বলে জেনেছি। জাহাজ কাটতে গিয়ে কোন দুর্ঘটনা ঘটলে তার দায়ভার তিনি নেবেননা বলেও জানান। ইয়ার্ডের লাইসেন্স নবায়ন নাই স্বীকার করে তিনি বলেন, জাহাজ আমদানী করার আগে আমরা লাইসেন্স নবায়ন করে নিব। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, ভাটিয়ারী শিপ ব্রেকিং ইয়ার্ডের সীমানায় জাহাজ কাটলে দুর্ঘটনার দায়ভারও তাদেরকে নিতে হবে। লাইসেন্স নবায়ন না থাকলে জাহাজ কাটা যাবে না জানিয়ে খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ মার্চ, ২০২২ । ৮:২৯ রাত