২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ মার্চ ২০২২ www.24ghonta.news২২ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ৩ শাবান ১৪৪৩ হিজরি

সুসম্পর্ক রেখেই সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২ । ১:১৩ দুপুর

প্রতিবেশী দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে বাংলাদেশ তার সমুদ্রসীমা জয় করতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুটি প্রতিবেশী দেশ—ভারত ও মিয়ানমার। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা কিন্তু এ অর্জনটা করেছি। এ সমুদ্র সৈকত অর্থনৈতিকভাবে আমাদের ব্যাপক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির পিতার যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটা ছিল দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, এবং তিনি ১৯৭৩ সালে মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠান মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠা করে দেন। এ সমুদ্রসীমার সম্পদ আরোহণ এবং দক্ষ মানুষ গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। সেইসঙ্গে আমাদের দেশের ছেলে-মেয়েরা যাতে উপযুক্ত শিক্ষা পেয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেটাও তিনি মাথায় রেখেছিলেন। কাজেই আজকের এ প্রতিষ্ঠান সগৌরবে বিস্তৃতি লাভ করেছে।’

মেরিন ফিশারিজ একাডেমিতে এবার নটিক্যাল বিভাগে ৩৩ জন, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩১ জন ও মেরিন ফিশারিজ বিভাগে ২০ জন নবীন ক্যাডেটের পাসিং আউট হলো। প্রধানমন্ত্রী নবীন এসব ক্যাডেটকে পরিশ্রম, কর্মদক্ষতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন