চট্টগ্রামের রাউজানে শ্যামল ভট্টচার্য্য (৬০) নামে এক হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ২২ মার্চ মঙ্গলবার বিকেল ৫ টার দিকে রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাশেম সুলতানা ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয়ের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার হয়। সে এলাকার সুদর্শন ভট্টচার্য্যের পুত্র।নিহতের স্ত্রী ইলা ভট্টচার্য্য বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘর থেকে বের হয় তার স্বামী। দুপুরে তার ফোনে সংযোগ না পেয়ে চিকিৎসালয়ের পাশে এক ব্যক্তিকে ফোন করে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাই।
তিনি আরো বলেন, গত দুই দিন পূর্বে এক প্রতিবেশীর সাথে পুকুরে জাল দেওয়া নিয়ে বাক-বিতন্ডা হয় স্বামীর।জানা গেছে, চিকিৎসালয়ের কক্ষে হোমিও চিকিৎসক শ্যামল ভট্টচার্য্যের ঝুলন্ত অবস্থায় লাশ দেখে স্থানীয় লোকজন পৌর কাউন্সিলর জানে আলম জনিকে সংবাদটি জানান। পরে কাউন্সিলর বিষয়টি থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্নহত্যা বলে ধারনা করা হচ্ছে । তবে পরিবার থেকে কোনো অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২ । ১১:২৯ রাত