২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ মার্চ ২০২২ www.24ghonta.news১৬ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪৩ হিজরি

বাকলিয়ায় শিশু আরাফ হত্যার রায় পেছাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২ । ৪:১৮ বিকাল

চট্টগ্রামের শিশু আবদুর রহমান আরাফ হত্যা মামলার রায় পিছিয়েছে। আজ বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ মামলার রায় হওয়ার কথা ছিল। মামলার তিন আসামিও আদালতে উপস্থিত ছিলেন। তবে, বিচারক রায় পিছিয়ে নতুন তারিখ ঠিক করেছেন।

আদালতের পিপি প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, ‘বিচারক আগামী ২৮ এপ্রিল রায়ের দিন ধার্য করেছেন।’ তিনি বলেন, ‘আজ হাইকোর্ট থেকে দুজন বিচারপতি চট্টগ্রাম আদালতে এসেছেন। তাঁদের সঙ্গে বিচারকদের সভা আছে। এ কারণে বিচারক ব্যস্ত থাকবেন। সেজন্য রায় ঘোষণার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।’

২০২০ সালের ৬ জুন চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু আরাফ হত্যার ঘটনা ঘটে। ‘বাড়ির মালিককে ফাঁসাতে’ হত্যা করা হয় দুই বছরের শিশু আরাফকে।

এ মামলার তিন আসামি—নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগরের বাসিন্দা মো. ফরিদ, শিশু আরাফের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত, সে ভবনের দারোয়ান মো. হাসান এবং হাসানের মা নাজমা বেগম। তাঁদের মধ্যে ফরিদ ও নাজমা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। হাসান উচ্চআদালত থেকে জামিন নিয়েছেন।

এ মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিন আসামি।

নাজমা আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। মাত্র ২০ হাজার টাকার লোভ এবং পাশের ভবনের বাসিন্দা ফরিদের প্রলোভনে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। বাড়িওয়ালা ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা নুরুল আলম মিয়াকে ফাঁসানো ছিল মূল উদ্দেশ্য।

নাজমার ছেলে ভবনটির দারোয়ান মো. হাসান (২৩) গেইট খুলে দিয়ে তাঁকে ছাদে উঠতে সহায়তা করেছিলেন।

ছেলে হারানো মা-বাবার দাবি, সন্তান হারানোর এমন কষ্ট যেন আর কাউকে পেতে না হয়। সেজন্য তাঁরা আদালতের কাছে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন