২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১০ রমজান ১৪৪৩ হিজরি

বিয়েতে কড়া নিরাপত্তা, উড়বে ড্রোন, থাকবে ২০০ বাউন্সার!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ । ১২:২৭ দুপুর

দুবছর গুঞ্জনের পর দুদিন পরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এ নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় তাঁদের অন্দরের নানা খবর ছাপা হচ্ছে।

আজতকের বরাতে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে দাবি, বীরলিয়ার বিয়েতে থাকছে বিশেষ ও কড়া নিরাপত্তা। উপস্থিত থাকবেন ২০০ বাউন্সার (বিশালদেহী বিশেষ নিরাপত্তারক্ষী)। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে আয়োজনস্থলে উড়বে ড্রোন। আরও থাকবে বিশেষ নিরাপত্তারক্ষী।

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে এক মাস ধরে। আলিয়ার ভাই রাহুল ভাট আজতককে বলেছেন, ‘আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন ইউসুফ ভাই। তাঁর রয়েছে মুম্বাইয়ের সেরা সিকিউরিটি ফোর্স—৯/১১ এজেন্সি। তাঁকে নিয়োজিত করা হয়েছে। এই এজেন্সি থেকে প্রায় ২০০ বাউন্সারকে ডাকা হয়েছে। আমার দলের ১০ ছেলেকেও পাঠানো হবে।’

রাহুল ভাট আরও জানিয়েছেন, আর কে স্টুডিয়োস ও রণবীরের বান্দ্রার বাসভবন বাস্তুতে নিরাপত্তারক্ষীদের নিয়োগ করা হবে। বিবাহপূর্ব অনুষ্ঠান মেহেদি, সংগীত ও ককটেল আয়োজন হবে আর কে স্টুডিয়োসে এবং বিয়ে হবে রণবীরের বাস্তুতে।

রাহুল এও জানান, ড্রোন দিয়ে সমস্ত নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এবং প্রত্যেক অতিথির সঙ্গে থাকবে নিরাপত্তারক্ষী। ভাই হিসেবে তিনি নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।

রাহুল ভাট যুক্ত করেন, নিরাপত্তারক্ষীদের অবশ্যই কৌশলী, ইংরেজি ভাষায় দক্ষ, নম্র এবং অধূমপায়ী হতে হবে।

এর আগে পিঙ্কভিলা বিশেষ প্রতিবেদনে দাবি করে, এই যুগলের বিয়ে ১৬ এপ্রিল, বিয়ের আনুষ্ঠানিকতা রাত ২টা থেকে ৪টার মধ্যে। রণবীর তাঁর প্রিয় সংখ্যা ৮ বিয়ের জন্য বেছে নিয়েছেন। ১৬ এপ্রিল কীভাবে আট হচ্ছে? সেই হিসাব এভাবে মেলানো হয়েছে : ১৬ (তারিখ) + ৪ (মাস) + ২০২২ (সাল) = ২০৪২; সংখ্যাগুলোর যোগফল আট।

পাঞ্জাবি ঐতিহ্য অনুসরণ করে এই জুটি ১৬ এপ্রিল রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে তারার নিচে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। এরপর অন্তর্জালে বিয়ের ছবি প্রকাশ করবেন।

তবে টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামাসহ বেশির ভাগ সংবাদমাধ্যমের দাবি, বীরলিয়ার বিয়ে ১৪ এপ্রিল। ভক্তদের আর তর সইছে না!

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন