বিশ্বখ্যাত মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স মা হতে চলেছেন। ৪০ বছর বয়সি এ সংগীততারকা সামাজিক পাতায় এ সুখবর দিয়েছেন।
বিনোদনভিত্তিক মার্কিন সাময়িকী বিলবোর্ডের খবর, ফের মা হতে চলেছেন ব্রিটনি স্পিয়ার্স। সোমবার (১১ এপ্রিল) ইনস্টাগ্রামে এ ঘোষণা দিয়েছেন পপতারকা। জানিয়েছেন, দীর্ঘদিনের সঙ্গী স্যাম আসগরির সন্তানের মা হচ্ছেন তিনি, যাঁকে তিনি ‘স্বামী’ বলে জানিয়েছেন।
গোলাপি ফুল ও এক কাপ কফির ছবি দিয়ে দীর্ঘ ক্যাপশন জুড়েছেন ব্রিটনি। বলেছেন, তিনি প্রেগন্যান্সি টেস্ট করান এবং নিশ্চিত হন গর্ভে সন্তান রয়েছে।
ব্রিটনির দুই ছেলে রয়েছে—১৬ বছরের সিন ও ১৫ বছরের জাডেন—যারা তাঁর সাবেক স্বামী কেভিন ফেডারলিনের ঘরের সন্তান। ২০০৪ সালে কেভিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রিটনি, ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এর আগে জ্যাসন অ্যালেন আলেক্সান্ডারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ব্রিটনি, এ বিয়ে বেশি দিন টেকেনি।
ব্রিটনির সঙ্গে আসগরির পরিণয় হয় ২০১৬ সালে। ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁরা বাগদান সারেন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ । ১:৩৬ দুপুর