২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১১ রমজান ১৪৪৩ হিজরি

নেপালে গিয়ে যোগাযোগবিচ্ছিন্ন আরিফিন শুভ, জানালেন কারণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ । ৪:১১ বিকাল

মার্চের শেষ সকালে অন্তর্জালে নেপাল যাওয়ার খবর জানিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এরপর ফেসবুকে বেশ কিছু ব্যবসায়িক প্রচারণায় সরব থাকলেও ছিলেন যোগাযোগবিচ্ছিন্ন। নায়ককে পাওয়া যাচ্ছিল না হোয়াটসঅ্যাপ বা অন্য মাধ্যমে।

অবশেষে এমন উধাও হওয়ার কারণ জানা গেল। শুভ নিজেই ভিডিও বার্তা দিয়ে ভক্তদের সেই কারণ জানিয়েছেন।

নেপালের রাজধানী থেকে কিছুটা দূরে ১০ দিনের বিপাসনা মেডিটেশনে (ধ্যানে) ছিলেন আরিফিন শুভ; এটি ভারতের প্রাচীন ধ্যান-কৌশলগুলোর একটি। ভারতে আড়াই হাজার বছরেরও বেশি সময় আগে দীর্ঘায়ু লাভের পন্থা হিসেবে এই ধ্যানের আবির্ভাব।

এ প্রসঙ্গে আরিফিন শুভ লাইভে জানিয়েছেন, “গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর মনোনিবেশে শারীরিক ও মানসিকভাবে অস্থির ছিলাম। তারপর আপনারা জানেন আমার মায়ের একটা সার্জারি নিয়ে…। আমি একটু সবকিছু থেকে বের হতে চেয়েছিলাম। বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়নি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স…, যেখানে যেখানে সেন্টার আছে সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। মজার ব্যাপার হলো এখানে কিছু নিয়মকানুন আছে; ১০ দিন আপনি কারও সাথে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও কথা বলতে পারবেন না, শুধু যাঁরা শিক্ষক থাকবেন তাঁদের সঙ্গে কথা বলতে পারবেন…। ব্যাপারটি বেশ কঠিন…।”

ওই লাইভে শুভ নেপালের সেই বিপাসনা মেডিটেশন সেন্টার ভক্তদের ঘুরে দেখান এবং জানান, তিনি কোর্স শেষ করেছেন আজ (১২ এপ্রিল)। নেপালে আরও দুদিন অবস্থান করবেন তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন