২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২২ এপ্রিল ২০২২ www.24ghonta.news৯ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ২১ রমজান ১৪৪৩ হিজরি

চমেকে ৬০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সাত তলা ডায়াগনস্টিক ইমেজিং ভবন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ১২:৫৮ দুপুর

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সাত তলা বিশিষ্ট ডায়াগনস্টিক ইমেজিং ভবন নির্মাণ কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে হবে সাত তলা বিশিষ্ট এই ডায়াগনস্টিক ইমেজিং ভবন। নতুন এ ভবনটি নির্মাণের জন্য চমেক হাসপাতালের পিছনের অংশে স্থান নির্ধারণ করা আছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ কোটি টাকা (৫৭ কোটি টাকার বেশি)। ঈদের পরপরই এ প্রকল্পের ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন ভবনটি নির্মাণ হলে সেখানে রেডিওলজি এন্ড ইমেজিং এর আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হবে। এর মাঝে সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসনোগ্রাম ও এঙ-রে অন্যতম। প্রকল্পটি বাস্তবায়ন হলে হাসপাতালের গরীব রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা আরো বাড়বে বলে মনে করেন চমেক হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার।

প্রকল্প সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ ভবনটি নির্মিত হচ্ছে। ৭টি মেডিকেল কলেজ হাসপাতালে এ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪০১ কোটি টাকা। সে হিসেবে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্প ব্যয় দাঁড়ায় প্রায় ৬০ কোটি টাকা (৫৭ কোটি টাকার বেশি)।

এদিকে জাইকা ও চীন সরকারের দুটি প্রকল্পই বাস্তবায়ন হোক, এমনটাই চান চমেক হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। তিনি বলেন, কোন প্রকল্প যেন আমাদের হারাতে না হয়। সে চেষ্টা আমরা অব্যাহত রেখেছি।

অপরদিকে, জাইকার প্রকল্পের পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রকল্পটির ডিপিপি একনেকে অনুমোদন হয়েছে। স্থাপত্য অধিদপ্তর কর্তৃক ভবনের নকশাও অনুমোদন হয়েছে। এখন শুধুই নির্মাণকাজ শুরুর অপেক্ষা। ঈদের পরপরই ভবনের নির্মাণকাজ শুরু হবে বলে আমরা আশা করছি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন