২৪ ঘন্টা নিউজ
রবিবার ১ মে ২০২২ www.24ghonta.news১৮ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৩০ রমজান ১৪৪৩ হিজরি

ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ মে, ২০২২ । ১১:৩৬ সকাল

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার দেশটির লিভিভ শহরে যান তিনি। রুশ বাহিনীর হামলায় ঘরবাড়ি হারিয়ে লিভিভের একটি রেলস্টেশনে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে দেখা করেন জোলি।

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত। সংস্থাটির তথ্য বলছে, দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ সংখ্যা ইউক্রেন যুদ্ধ শুরুর আগের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ।

সফরকালে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাঞ্জেলিনা জোলি। তাঁরা জোলিকে জানান, কর্তব্যরত একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রতিদিন ১৫ জন মানুষের সঙ্গে কথা বলেন। স্বেচ্ছাসেবকেরা তাঁকে আরও জানান, রেলস্টেশনে আশ্রয় নেওয়াদের মধ্যে বেশির ভাগ শিশু, যাদের বয়স দুই থেকে ১০ বছর।

শিশুদের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে সহমর্মিতা প্রকাশ করেন জোলি। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা শিশুদের জন্য একটা ধাক্কা। আমি জানি মানসিক ধাক্কা কীভাবে শিশুদের জীবনে প্রভাব ফেলে। আমি জানি তারা কতটা গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠ কতটা গুরুত্বপূর্ণ।’

এ সময় স্টেশন চত্বরে থাকা একটি ছোট শিশুকে কোলে তুলে নেন অ্যাঞ্জেলিনা জোলি। তাঁর কোলে ওঠার পর শিশুটিকে খুবই উচ্ছ্বসিত দেখাচ্ছিল। স্টেশন ত্যাগের আগে স্বেচ্ছাসেবী ও শিশুদের সঙ্গে ছবি তোলেন এ অভিনেত্রী।

গত মাসে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন সফর করেন জোলি। যুদ্ধের কারণে দেশটির লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন