২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১০ মে ২০২২ www.24ghonta.news২৭ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ৯ শাওয়াল ১৪৪৩ হিজরি

সাকিবের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২ । ৮:৪০ রাত

আবারও সাকিব আল হাসানকে দলে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা সফর অসমাপ্ত রেখেই পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে দেশে ফিরে এসেছিলেন সাকিব। তারপর তিনি উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে কিছু ম্যাচও খেলেছিলেন তিনি। তারপর আবারও যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ছুটেছিলেন সাকিব।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে আছেন সাকিব। ফলে এই সিরিজ খেলতে আবারও দেশে ফেরেন তিনি। রবিবার (৯ মে) দেশে আসেন সাকিব। তারপর দুই দফা করোনা পরীক্ষা করানো হয়েছে তার। দুইবারই পজিটিভ শনাক্ত হয়েছেন সাকিব। বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে বিসিবির নির্ভরযোগ্য সূত্র।

প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল (১১ মে) একটি ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এই অলরাউন্ডারের। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় এখন আর সেখানে যাওয়ার সম্ভাবনা নেই। বরং এখন চট্টগ্রাম টেস্টে খেলা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।

আসন্ন এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যে ম্যাচ শুরু হবে ১৫ মে। এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন